গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও উপহার বিতরণ
মতিন রহমান, বকশীগঞ্জ: ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ‘জুলাই ঐক্য’ বকশীগঞ্জ শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা এবং অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উলফাতুন্নেছা গার্লস স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল বাঙালির গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছিল বলে তাঁরা মন্তব্য করেন। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষার বাংলাদেশ গড়তে আগামী দিনেও ছাত্র-জনতার এই ঐক্য ধরে রাখার পাশাপাশি যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল। গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী ও নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ ও এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।




