মেলান্দহ

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬’-এর তফসিল ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ আগস্ট (রবিবার) সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী- গত ২৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা ২৪ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত মনোনয়নপত্র ২৫ আগস্ট দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে এবং একই দিন বিকেল ৫টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ২৭ আগস্ট দুপুর ১টার মধ্যে তা করতে পারবেন। এরপর ওই দিন বিকেল ৫টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩০ আগস্ট সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ওই দিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান আতিকুর রহমান।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় (ফিশারিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষ) থেকে পরিচালিত হবে।

Related Articles

Back to top button