সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) নালিতাবাড়ীর পোড়াবাড়ী ও ঝিনাইগাতীর গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় এই অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি সব সময় জিরো টলারেন্স নীতি মেনে চলে। ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি দিনরাত সতর্কতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রুখে দিতে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




