বকশীগঞ্জপ্রধান খবরবিশেষ সংবাদ

শেষ বিদায়ের নিঃস্বার্থ সারথি ‘আল বিদায় সেবা’

মতিন রহমান, বকশীগঞ্জ: মৃত্যু এক অবধারিত সত্য। কিন্তু আপনজনের চিরবিদায়ের শোকাবহ মুহূর্তে আনুষঙ্গিক দাফন বা কাফনের আয়োজন অনেক সময়ই শোকাহত পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মানুষের জীবনের এই শেষ বিদায়টুকুকে সহজ ও সম্মানজনক করতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বিদায় সেবা’। কোনো ধরনের আর্থিক বিনিময় বা দুনিয়াবি প্রাপ্তির আশা ছাড়াই দিনরাত ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে দাফন ও কাফনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মীরা।

মানবসেবার ব্রত নিয়ে গঠিত এই সংগঠনটির কল্যাণে এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের দাফন প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। হতদরিদ্র পরিবারগুলোর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে কাফনের কাপড় বিতরণসহ কবর খোঁড়া থেকে শুরু করে দাফনের সমস্ত কাজ নিজ কাঁধে তুলে নিচ্ছেন তারা। পরম মমতায় এবং গভীর শ্রদ্ধায় তারা এযাবত প্রায় ৩০০ বিদায়ী আত্মার শেষ যাত্রাকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করছেন।

২০২৪ সাল থেকে শুরু হওয়া এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন আবু তালেব টক্কু। তার সাথে নিরলসভাবে কাজ করছেন সাইফুল ইসলাম ও নাসিরুল্লাহসহ মোট ১২ জন স্বেচ্ছাসেবী। যেকোনো জরুরি মুহূর্তে তারা সর্বদা প্রস্তুত থাকেন। সাম্প্রতিক সময়ে বকশীগঞ্জের হোটেল গুলশানের মালিক ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মরহুম মোখলেসুর রহমানের ইন্তেকালের পর গভীর রাত থেকে ভোর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দাফন সম্পন্ন করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মার্কাস মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আলী বলেন, “সংগঠনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অত্যন্ত মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ তাদের এই সৎ কাজের উত্তম প্রতিদান দান করুন।”

সংগঠন সংশ্লিষ্টরা জানান, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের একমাত্র লক্ষ্য। নিজেদের জীবনের শেষ দিন পর্যন্ত মানবসেবার এই ধারা অব্যাহত রাখতে তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

যেকোনো জরুরি মুহূর্তে বিনামূল্যে দাফন ও কাফন সেবা পেতে ০১৯১৮-৫০১৪৬৬ এবং ০১৯১১-৭৮৪৬৭০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Related Articles

Back to top button