জামালপুর

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে মানিক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, মানিক মাদকাসক্ত ছিলেন বলে তারা জানতে পেরেছেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্তির কারণে মানিক প্রায়ই তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি একপর্যায়ে তিনি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি মাদক সেবনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে মানিকের বিরোধ তৈরি হয় এবং তাকে মারধর করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Related Articles

Back to top button