মাহে রমজান উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
হৃদয় আহম্মেদ শাওন, জামালপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহরের কামাল খান এলাকায় অসহায় ও সাধারণ মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর মিল্লাতিয়ান্স অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মো. আবিদুর রহমানের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান। সভাপতিত্ব করেন মো. মাহবুবুল আলম কাজল নামের একজন সমাজসেবক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কামাল খানহাট কামিল মাদ্রাসার মুদারেছ মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন- ‘রমজান হলো সহমর্মিতা, সংযম ও আত্মশুদ্ধির মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’
উদ্যোক্তা মো. আবিদুর রহমান জানান- এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ক্ষুদ্র উপহারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।




