বকশীগঞ্জ

৪ হাজার ভিজিএফ কার্ড চেয়ারম্যানের কাছে ফেরত দিলেন বিএনপি নেতারা

মতিন রহমান, বকশীগঞ্জ:  জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে বিতর্কের মুখে চার হাজারেরও বেশি কার্ড চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।  বিএনপি নেতাদের হাতে কার্ড তুলে দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এ সিদ্ধান্ত নেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ। তবে বিএনপি নেতাদের দাবি, শুরু থেকেই তাঁরা কোনো কার্ড গ্রহণ করেননি।

ইউনিয়ন পরিষদ ও স্থানীয়রা জানান- গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তাঁর নিজ কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেন। সে সময় কার্ড হস্তান্তরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কার্ড ফেরত দেওয়ার বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন-ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিজিএফ কার্ড দেওয়ার পরেই আমি উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলি। তাঁদের নির্দেশনা না থাকায় তাৎক্ষণিক কার্ডগুলো চেয়ারম্যানের কাছে রেখেই আমরা চলে আসি। আমাদের নামে যে অনিয়মের কথা ছড়ানো হচ্ছে তা সত্য নয়, স্থানীয় বিএনপি কোনো ভিজিএফ কার্ড নিজেরা নেয়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স শুরু থেকেই দলীয় নির্দেশনার বিষয়টি নাকচ করে আসছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন- বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলি ফেরত নেওয়া হয়েছে। সরকারি যথা নিয়মে কার্ডগুলি বিতরণ করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button