মেলান্দহ

জাবিপ্রবি ব্যবস্থাপনা সমিতি নির্বাচন: ভিপি ইসমাঈল ও জিএস সাফিন

কাজী ইসমাঈল, মো. সাফিন আহমেদ

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের ‘ব্যবস্থাপনা সমিতি-২০২৬’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে কাজী ইসমাঈল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. সাফিন আহমেদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

সমিতির ১৭টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ফলে ভিপি, জিএস ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে সরাসরি ব্যালটে ভোট নেওয়া হয়। মোট ১৪১ জন ভোটারের মধ্যে কোষাধ্যক্ষ পদে ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তৃতীয় বর্ষের মো. সারোয়ার হাসান সজীব। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদ হোসেন পান ৪৪ ভোট। এ পদে ১৩৮টি ভোট বৈধ গণ্য হয়।

ভিপি পদে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হন চতুর্থ বর্ষের কাজী ইসমাঈল। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শাহ্‌রূখ ইসলাম পান ৫৯ ভোট। এ পদে ১৩৮টি ভোট বৈধ ছিল। সাধারণ সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মো. সাফিন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস ডাক (রাকিবুল ইসলাম রাকিব) পান ৫৬ ভোট। এই পদে ১৩৭টি ভোট বৈধ বলে গণ্য হয়।

গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেলা আড়াইটায় তিনি নির্বাচনের মূল ফলাফল ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ-সাধারণ সম্পাদক শুভ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. উমর আলী, ক্রীড়া সম্পাদক মো. মামুনুর রশিদ খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সনৎ বণিক, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক সোহাগ সরকার, পাঠচক্র ও সেমিনার সম্পাদক শাহিন আলম, ছাত্রী সম্পাদিকা মোছা. দৌলতুন নেছা এবং প্রচার সম্পাদক মারিশা রহমান মৌরি। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আশানুর রহমান, লুৎফর রহমান, পরশমণি, মো. জায়েদ নুর সায়েম ও আশিক খান আব্দুল্লাহ।

শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী। নির্বাচনের সার্বিক পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষার্থীরা। নতুন নেতৃত্ব বিভাগের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Related Articles

Back to top button