দেওয়ানগঞ্জ

ফসলি জমির মাটি কাটায় দুই যুবকের কারাদণ্ড

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে এস্কেভেটর (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি, জমির শ্রেণি পরিবর্তন এবং সংলগ্ন সড়কের ক্ষতিসাধনের দায়ে রাকিব (২৩) ও নাজমুল ইসলাম (২৩) নামে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিব কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কাউনিয়ারচর গ্রামের ইয়ার আলীর ছেলে এবং নাজমুল ইসলাম একই উপজেলার ধুবালিয়াপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে।

ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- দীর্ঘদিন ধরে অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। শুক্রবার সকালে পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় তারা এস্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটার সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন- “পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন ও বিক্রি, জমির শ্রেণি পরিবর্তন এবং সংলগ্ন সড়কের ক্ষতিসাধনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Related Articles

Back to top button