কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার ঝুলিয়ে আটক ২
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ব্যানার টাঙানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। জিহান সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সীমান্ত ওই সংগঠনের কর্মী।
স্থানীয়দের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বৃহস্পতিবার গভীর রাতে গোপনে কলেজের মূল ফটকের কাছে দেয়ালে ব্যানারটি ঝোলানো হয়। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশাপাশি ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ লেখা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে লেখা প্রতিবাদের ভাষাকে ঢেকে এটি সাঁটানো হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে চার নৈশ প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ প্রশাসন। সেই সঙ্গে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
অন্যদিকে জেলা ও কলেজ ছাত্রদলের নেতারা জানান- রাতের অন্ধকারে এই ধরনের অপতৎপরতা চালানো হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের যেকোনো ঘটনা প্রতিহত করতে ছাত্রদলের নেতা-কর্মীরা সজাগ রয়েছেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




