স্বস্তি খুঁজতে গিয়ে গাছ চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: তীব্র গরমে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির খোঁজে বাড়ির পাশের গাছ তলায় বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু আকস্মিকভাবে সেই গাছটি ভেঙে তাঁর ওপর পড়লে মর্মান্তিক মৃত্যু হয় এই বৃদ্ধার।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমিরন দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকার মৃত গোলাপের স্ত্রী।
সমিরনের স্বজনেরা জানান- তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি তাঁর ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।




