রিডার্স ক্লাবের নবীন বরণ ও নিয়মিত পাঠচক্র
স্টাফ রিপোর্টার: সরকারি আশেক মাহমুদ কলেজের রিডার্স ক্লাবের উদ্যোগে নবীন বরণ ও নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে কলেজের গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে অর্ধ শতাধিক নবীন সদস্যকে ফুল, চকোলেট ও বুকমার্ক দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নবীন সদস্যদের অনুভূতি প্রকাশ, নিয়মিত সদস্যদের বুক রিভিউ, বই বিতরণ, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুখ্য সমন্বয়ক রবিউল আলম লুইপা বলেন-“রিডার্স ক্লাব শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি শিক্ষার্থীদের নেতৃত্ব, উপস্থাপনা দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশেও কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে মডারেটর রবিউল ইসলাম বলেন-বই পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই সবাইকে নিয়মিত পাঠচক্রে অংশ নিয়ে বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ও রিডার্স ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর শওকত আলম মীর বলেন- “বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। নিয়মিত বই পড়ার অভ্যাস একজন শিক্ষার্থীকে জ্ঞান, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।”




