ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন করায় কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫ সালের সিলেবাসে ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষনা করেছে এবং সেই সাথে শোকজ করেছে কলেজটির অধ্যক্ষকে।
৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম বলেন- “ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা গেছে। এর জন্য কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষনা করা হয়েছে এবং সেই সাথে অধ্যক্ষ শওকত আলম মীর’কে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।”
সিরাজুল ইসলাম আরো বলেন-“আমরা খুব কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রনালয়ে জমা দিবো। আর এই ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না। বোর্ড সবসময় পরীক্ষার্থীদের পক্ষে আছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্ন থেকে এই প্রশ্নপত্রগুলো বিতরন করেছে। এই ঘটনায় সম্পূর্ণ দোষী কলেজ কর্তৃপক্ষ।”
এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন পত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা সকলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন। এছাড়াও সব মিলিয়ে পরীক্ষা দিয়েছেন নয় শতাধিক পরীক্ষার্থী।




