জুলাই স্মৃতি স্তম্ভে আগুন: মালয়েশিয়া থেকে ভিডিও প্রচার
স্টাফ রিপোর্টার: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে একদল দূর্বৃত্ত।
শনিবার (১৮ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
শনিবার দুপুরে সর্ব প্রথম আল-সাদিক হৃদয় নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও টি ছাড়া হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে লেখা পড়া শেষে ৩-৪ মাস আগে স্ত্রী সহ মালয়েশিয়া পাড়ি জমান সাদিক। পড়াশুনার সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তার বাসা জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে বলে জানা যায়। জামালপুরের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মিছিল, সভা- সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহন করতেন সাদিক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতি স্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
ভিডিওটি ছড়িয়ে যাবার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও পুলিশ।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন- ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও ভোর রাতে দুর্বৃত্তরা এসে স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রতিবাদ হিসেবে আজ সন্ধ্যায় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।’
ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’




