সারাদেশ

উদ্বোধনের পরও জনবল সংকটে বন্ধ শেরপুর সদর হাসপাতালের আইসিইউ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন হলেও জনবল সংকটের কারণে এখনো চিকিৎসা সেবা চালু করা যায়নি। ফলে গুরুতর ও মুমূর্ষু রোগীরা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে তাদের ময়মনসিংহ বা ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে, যা রোগীর পরিবারগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।

গত ১৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন। ওই দিন বিকেলে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। কিন্তু আইসিইউ পরিচালনার জন্য কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), মেডিকেল অফিসার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, আইসিইউ টেকনিশিয়ান, ওয়ার্ড বয় ও সুইপারসহ প্রায় ৭৭টি পদ এখনো শূন্য রয়েছে।

জানা গেছে- ২০১৮ সালে হাসপাতালটিকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০২১ সালে করোনা মহামারির সময় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতিসহ আইসিইউ স্থাপনের উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রয়োজনীয় জনবল ছাড়াই সীমিত সংখ্যক চিকিৎসক ও কর্মচারী দিয়ে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছে। আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলে হাসপাতাল প্রশাসন উল্লেখ করেছে।

রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন- শেরপুরে আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের দূরের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা দ্রুত সময়ের মধ্যে এই জরুরি চিকিৎসাসেবা চালুর দাবি তুলে ধরেন।

অন্যদিকে, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা হলেই দ্রুত আইসিইউ সেবা পুরোপুরি চালু করা সম্ভব হবে এবং জেলার সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়ে মন্তব্য করেছেন।

Related Articles

Back to top button