দেওয়ানগঞ্জ

নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজ শিশু সাহল রহমান সাদের সন্ধান ও তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটির আয়োজন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, বিএনপি নেতা আহসান হাবিব লিপনসহ আরো অনেকে।

বক্তারা বলেন- শিশু সাদ নিখোঁজ হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সন্তানের শোকে তার বাবা-মা পাগল প্রায় হয়ে পড়েছেন। তারা প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম জোরদার করে দ্রুত সাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

গত ৩০ জুন দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ১১ বছর বয়সী ছেলে সাহল রহমান সাদ মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

সাহল রহমান সাদের সন্ধান পেলে ০১৭১২-১৮২৮৯৫ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Back to top button