অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক: চরম ভোগান্তিতে হাজারো মানুষ
ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উত্তর সিরাজাবাদ থেকে দেওয়ানগঞ্জ-ইসলামপুর সংযোগ সড়কের কয়েকটি জায়গা ভেঙে গেছে।
সোমবার (১৩ জুলাই) ঘটা এ বিপর্যয়ের ফলে সিরাজাবাদ থেকে ইসলামপুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ওই পথে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো মানুষ।
সড়কটির এমন বেহাল দশায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় মানুষের দৈনন্দিন কাজ, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া রোগী এবং স্কুলগামী শিক্ষার্থীরা।
এলাকাবাসী দাবি করেন, যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আগে থেকেই খানাখন্দের সৃষ্টি হয়েছিল। অতিবৃষ্টিতে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা জানান, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার ইউনিয়ন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তুলে ধরেন ভুক্তভোগীরা।
সার্বিক বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ জানিয়েছেন, রাস্তাটির সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আপাতত মানুষের দুর্ভোগ কমাতে ড্রামশিট প্যালাসাইডিং ও বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।




