স্টাফ রিপোর্টার: গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অপরিকল্পিত নীতির কারণেই দেশে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, কুইক রেন্টালের নামে ধ্বংস করা এই খাতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জামালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মামুন বলেন, বর্তমানে জামালপুরসহ সারা দেশে বিদ্যুৎ ও গ্যাসের যে সংকট চলছে, তা অস্বীকার করার উপায় নেই। বিগত সরকার কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করায় দেশ আজ ঋণগ্রস্ত। তাদের রেখে যাওয়া সেই বিপর্যস্ত ব্যবস্থার কারণেই আজকের এই দুর্ভোগ। জনগণকে বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান তিনি।
বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আমদানি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
পরাজিত ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামালপুরের মাটিতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার এবং সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।




