বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রের
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ছুটির পর শ্রেণিকক্ষ থেকে বই আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তায়িব উপজেলার দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান- ক্লাসের মধ্যবর্তী বিরতির সময় তায়িব তার বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলাধুলা করতে যায়। পরবর্তীতে মাদ্রাসা ছুটি হলে সে বইগুলো নিতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




