জামালপুর

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

শফিকুল ইসলাম,জামালপুর: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণসভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংহতির জেলা ও পৌর শাখার উদ্যোগে এই আয়োজনে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের তমালতলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন জেলা যুব সংহতির সদস্য সচিব এ এম জিল্লুর রহমান জনি, পৌর যুব সংহতির সদস্য সচিব ইব্রাহিম এবং আরিফুল ইসলামসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্মরণসভায় বক্তারা দেশের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ জনপদের অগ্রগতি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হুসেইন মুহম্মদ এরশাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর রাজনৈতিক অবদান ও উন্নয়ন কর্মকাণ্ড আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে বলে তারা মন্তব্য করেন। একই সঙ্গে তারা এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সাধারণ ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button