মাদারগঞ্জে বিষধর সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বিষধর সাপের কামড়ে মোতাহার (৫৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোতাহার ওই এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে হার্ডওয়্যারের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে মোতাহার নিজ ধানখেতে কীটনাশক দিতে যান। এ সময় একটি বিষধর সাপ তাঁর পায়ে কামড় দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। জামালপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, “সাপের কামড়ের পর মোতাহারকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জামালপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার বলেন, “শনিবার বিকেলে সাপে কাটা একজন রোগী হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছিল, বিষধর সাপে কামড়েছে। পরে দ্রুত তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়।”
মোতাহারের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




