জামালপুর

পাথালিয়াতে ৬ গরু চুরি: এক মাসেও ধরা পড়েনি কেউ

স্টাফ রিপোর্টার: জামালপুর পৌর এলাকার পাথালিয়া উত্তর এলাকায় একটি খামার থেকে ছয়টি গরু চুরির এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি চুরি যাওয়া গরুগুলোও। আসামিরা ধরা না পড়ায় চরম উৎকণ্ঠা ও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী খামারি রকিবুল ইসলাম।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১০ জুন ভোর ৪টা ১৩ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে পাথালিয়া উত্তর এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন ওই গোয়ালঘরে হানা দেয় সংঘবদ্ধ চোরচক্র। তারা তালা কেটে ভেতরে ঢুকে তিনটি ষাঁড়, দুটি গাভী ও একটি বকনা গরু একটি নম্বরবিহীন পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায়। চুরি যাওয়া এসব গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ ১০ হাজার টাকা।

মামলার বাদী রকিবুল ইসলাম দাবি করেন- চুরির পুরো ঘটনা তাদের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়দের সহায়তায় মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সম্রাটকে শনাক্ত করা হয়েছে। এছাড়া এলাকার এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি ইশারায় বুঝিয়েছেন, ঘটনার আগে ও পরে শেরপুর জেলার নতুন বাগলগড় এলাকার আমিনুলকে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। এসব তথ্যের ভিত্তিতে সম্রাট, আমিনুলসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দীর্ঘ সময়েও কোনো সুরাহা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী এই খামারি। প্রশাসনের কাছে সুবিচারের আশা করে তার ভাষ্য, “ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আমার গরুগুলোও উদ্ধার হয়নি। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এসব বিষয়ে জামালপুর থানার ওসি(তদন্ত) নূর মোহাম্মদ বলেন-“বিষয়টি আমরা তদন্ত করছি। আসামী গ্রেপ্তার ও চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে- খুব কম সময়ের মধ্যে আমরা আসামী গ্রেপ্তার ও চুরি হওয়া গরু উদ্ধার করতে পারবো।”

Related Articles

Back to top button