পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল মদ উদ্ধার: গ্রেপ্তার ১
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাথরেরচর চেংটিমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের প্রেরন করা হলে সেখান থেকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার আব্দুল মালেক একই এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের একটি দল মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মালেকের দোকানের পেছনে জনৈক জলিলের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা চার ধরনের মোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান- মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আব্দুল মালেকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।




