জামালপুর

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

স্টাফ রিপোর্টার: ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ স্লোগানকে সামনে রেখে জামালপুরে আয়োজিত বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে জামালপুর উচ্চবিদ্যালয়। বিজয়ী দলের বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জামালপুর উচ্চবিদ্যালয়ের দলনেতা উসমান গনি অয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এই আয়োজনের সূচনা করে।

জামালপুর দুপ্রকের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্ব ও সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক আতিউর রহমান এবং জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দুপ্রক সদস্যসহ শতাধিক অনুরাগী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ক্রেস্ট, মেডেল, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। মানবিক উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় আইন মহাবিদ্যালয়ের একজন অসচ্ছল ও মেধাবী ছাত্রীকে আর্থিক সহায়তার চেক প্রদান করে দুপ্রক।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, দুপক্ষের যুক্তিতর্ক ছিল তথ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার জাগরণ ঘটাবে। স্বতঃস্ফূর্ত বিতর্কচর্চাকে উৎসাহিত করতে তিনি শিক্ষার্থীদের কাগজ বা চিরকুট না দেখে নিজস্ব মেধা ও যুক্তির ওপর ভরসা রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

Related Articles

Back to top button