মাদারগঞ্জ

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

সভায় বক্তারা উপজেলার মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button