চেতনানাশকের শিকার ব্যবসায়ী উদ্ধার: ফিরলেন স্বজনদের কাছে
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারানো টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ী মজনু মিয়াকে (৪০) তার স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী মজনু মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার গৌরান গ্রামের বাসিন্দা। জানা যায়, গরুর হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে চক্রের সদস্যরা কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে। পরে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে তাকে শেরপুর সদর পুলিশ লাইন সংলগ্ন নবীনগর গোরস্থানের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরবর্তীতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ‘আজকের তারুণ্য’ সংগঠনের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসাসহ সার্বিক দেখভালের দায়িত্ব নেন। পরিচয় শনাক্ত করতে ফেসবুকে তার ছবি দিয়ে পোস্ট করা হলে টাঙ্গাইল থেকে তার স্বজনরা যোগাযোগ করেন।
দুই দিন পর স্বজনদের ফিরে পেয়ে হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতন উল্লেখ করেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার। একজন মানুষকে সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ সময় মজনু মিয়া ও তার পরিবার উদ্ধারকারী স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।




