মেলান্দহ

জাবিপ্রবিতে আন্দোলন বিরোধীদের কর্মকাণ্ড তুলে ধরে ছাত্র শিবিরের ফেস্টুন প্রদর্শন

মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্র-জনতার আন্দোলন বিরোধীদের অতীত কর্মকাণ্ড তুলে ধরে ফেস্টুন প্রদর্শন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এসব ফেস্টুন টানানো হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকর্মী, কর্মকর্তা ও শিক্ষকের বিগত জুলাই-আগস্টের আন্দোলনবিরোধী বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

সরেজমিনে দেখা যায়- বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রাস্তার দুপাশজুড়ে এসব ফেস্টুন টানানো হয়েছে। ফেস্টুনগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের নাম, ছবি এবং ছাত্র-জনতার আন্দোলনে তাঁদের নেতিবাচক ভূমিকার বিস্তারিত অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জাবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ জানিয়েছেন- ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। ক্যাম্পাসে অতীতে যাঁরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন, তাঁদের জুলাইবিরোধী কর্মকাণ্ডগুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই তাঁদের প্রধান লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন- তাঁদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে হেয়প্রতিপন্ন করা নয়; বরং ক্যাম্পাসে জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। তাঁর ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় হবে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহির জায়গা এবং অতীতের এসব বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জানার অধিকার রয়েছে।

এদিকে ক্যাম্পাসে ছাত্রশিবিরের এমন উদ্যোগ ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একাংশ এটিকে অতীতের বিভিন্ন ঘটনার তথ্য প্রমাণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে, অনেকেই আবার বিষয়টিকে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে মূল্যায়ন করছেন।

Related Articles

Back to top button