মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে কেউ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।’




