পূর্ণমন্ত্রী হওয়ায় মিল্লাতের নিজ উপজেলা দেওয়ানগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নিজ উপজেলা জামালপুরের দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা ও সিনিয়র সহসভাপতি শ্যামল চন্দ্র। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন ও যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবলু এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ দলটির অসংখ্য নেতাকর্মী।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে তিনি সাধারণ মানুষের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন।
সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেন তিনি। ওই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যাদের মধ্যে তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়।




