জামালপুর

প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় পুলিশের সাথে উন্নয়ন সংঘের মতবিনিময়

সভায় বক্তব্য রাখেন ফাঁড়ি ইনচার্জ কামাল পাশা

স্টাফ রিপোর্টার: জামালপুর ও শেরপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে একটি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জামালপুর ১ নম্বর পুলিশ ফাঁড়ির সভাকক্ষে উন্নয়ন সংঘের ‘স্ক্রিপ্ট’ প্রকল্প এই সভার আয়োজন করে। গৃহকর্মী, তৃতীয় লিঙ্গ, ঝুঁকিপূর্ণ নারী এবং যুব ও কিশোর-কিশোরীদের উন্নত জীবিকা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামাল পাশা প্রান্তিক এই জনগোষ্ঠীর সুরক্ষায় সার্বিক আইনি ও নিরাপত্তা সহায়তার আশ্বাস দেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি বলেন, সুবিধাবঞ্চিত হিসেবে চিহ্নিত কর্মঅক্ষম ও গৃহহীন যৌনকর্মীদের পুনর্বাসনের বিষয়টিও আমাদের ভেবে দেখা উচিত। তাদেরকে দক্ষতামূলক প্রশিক্ষণের আওতায় এনে স্বাভাবিক ও আয়মুখী কাজে যুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছে, যার মাধ্যমে এরই মধ্যে অনেকে স্বাভাবিক পেশায় যুক্ত হয়েছেন। মূলত কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই কাজ করছে প্রকল্পটি। সরকারি ও বেসরকারি সেবায় এসব মানুষের প্রবেশাধিকার বাড়াতে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই পুলিশের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল এবং প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া। সভায় মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button