কৃষি জমি বাঁচাতে খাল খনন শুরু
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) এই খননকাজের উদ্বোধন করা হয়। এর ফলে এলাকার কয়েক শত একর কৃষি জমি দীর্ঘদিনের জলজট থেকে মুক্ত হয়ে পুনরায় চাষাবাদের আওতায় আসবে।
স্থানীয়রা জানান- বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় খুটারচর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি পড়ে ছিল। খালটি খননের মাধ্যমে পানি প্রবাহ সচল হলে এলাকার শত শত কৃষক সরাসরি উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্ভোগ লাঘব হবে।
কৃষকদের এই সমস্যার কথা জানতে পেরে গত শনিবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। স্থানীয়দের দুর্দশা দেখার পরই জনদুর্ভোগ কমাতে দ্রুত খাল খননের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন- খননকাজ শেষ হলে জমে থাকা পানি দ্রুত নেমে যাবে। এতে কৃষিজমিগুলো জলাবদ্ধতা থেকে মুক্ত হবে এবং কৃষকরা আবার নিশ্চিন্তে তাদের জমিতে ফসল ফলাতে পারবেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।




