দেওয়ানগঞ্জ

পাশাপাশি কবরেই শায়িত হলেন মিহাদ-মায়ামনি: বাড়িজুড়ে শোকের মাতম

শাওন মোল্লা,জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ধসে ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ হারানো পাঁচ শিশুর মধ্যে একই পরিবারের দুই সন্তান। ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সী ছেলে মিহাদের মৃত্যুতে তাদের বাড়ি জুড়ে নেমে এসেছে শোকের মাতম। চারদিকে এখন শুধু পরিবারের সদস্যদের কান্না আর আহাজারি।

রবিবার (২২ মার্চ) দুপুরে নিহতদের বাবা জয়নাল আবেদীনের বাড়িতে গিয়ে দেখা যায়- স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। মা বারবার জ্ঞান হারাচ্ছেন, আবার জ্ঞান ফিরেই ছেলে মেয়ের নাম ধরে বিলাপ করছেন। স্বজনরা কেউই এই শোক মানতে পারছেন না। প্রতিবেশীরাও ছুটে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

পরিবারের সদস্যরা জানান- ঈদের আনন্দ ঘিরেই সেদিন দুই ভাই-বোনসহ অনেক শিশু সেতুতে ঘুরতে গিয়েছিল। কে জানত, সেই যাওয়া হবে জীবনের শেষ যাওয়া! এক সাথে অতিরিক্ত মানুষ উঠায় হঠাৎ সেতু ধসে পড়ে, আর মুহূর্তেই নিভে যায় দুট ভাই বোন সহ পাঁচ জনের তাজা প্রাণ।

এসময় কান্না করতে করতে মিহাদ ও মায়ামনীর মা বলেন- “সকালে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে ঈদের নামাজ পরে বাড়িতে আসে। দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল আমার দুইটা সন্তান। বলছিল-আম্মু, একটু ঘুরে আসি। কে জানত, এটাই হবে তাদের শেষ যাওয়া! আমার বুক খালি করে দিয়ে গেলো গা। আমি এখন কাকে ডাকবো, কারে বুকে জড়িয়ে রাখবো? আল্লাহ তুমি আমারে কেন এই দুঃখ দিলা!”

গতকাল থেকে দুই সন্তান কে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে যায় নিহতের বাবা জয়নাল মিয়াও, শুধু অঝোরে চোখ দিয়ে পানি পড়ছেন। একটু পর পর সন্তান দের নাম নিয়ে কেঁদে ওঠেন। ঠিক মতো কথাও বলতে পারছেন না।

জানা যায়- রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় দেওয়ানগঞ্জ নৌ টার্মিনাল মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কবরস্থানে পাশাপাশি দুই ভাই-বোনের শায়িত করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আগ মুহূর্তে এমন হৃদয় বিদারক মৃত্যুতে আনন্দ যেন বিষাদে রূপ নিয়েছে‌ পুরো পরিবারের।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) বিকেল জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পড়ে নদে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংখ্যায় রয়েছে তারা দুই ভাই বোন।

নিহতরা হলেন-ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সী মিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা ও বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

Related Articles

Back to top button