মানসিক রোগী আমিনুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে আমিনুল ইসলাম (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আমিনুল ইসলাম মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
আমিনুল ইসলামের ছোট ভাই মমিন বলেন- “আমার ভাই সহজ-সরল প্রকৃতির মানুষ এবং সে নিজে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তবে কয়েক মাস ধরে ভাইয়ার মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। হঠাৎ করেই আজ ভাইয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।”
আমিনুলের স্ত্রী মালেকা বেগম বলেন-“তার মাথার সমস্যা ছিল। প্রায় সব সময় ঘরের ভেতরেই থাকতেন। আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি পাকাঘরের ভেতরে তিনি ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে এলাকার লোকজন তাকে নিচে নামায়।”
গুনারিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না জানান- আমিনুল একজন সহজ-সরল মানুষ ছিলেন। কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ঘরেই অবস্থান করতেন। তার বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ ছিল না। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।
এ বিষয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) বলেন- “গুনারীতলা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে- তিনি গত ছয় মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সুরতহাল প্রতিবেদন শেষে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”




