জিঞ্জিরাম নদে ডুবে কিশোরী নিখোঁজ
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদে ডুবে শাকিলা (১০) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে ।
রোববার (২৪ মে) বিকালে উপজেলার দক্ষিণ লংকারচর এলাকায় এ ঘটনা ঘটে ।
নিখোঁজ শাপলা ওই এলাকার আবু সাঈদের মেয়ে। সে লংকারচর নূরে জান্নাত মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়- বিকালে উপজেলার দক্ষিণ লংকারচর এলাকার আইনুলের খেয়াঘাটের কাছে জিন্জিরাম নদে গোসল করতে নামে লামিয়া, সুমাইয়া ও শাকিলা নামে তিন কিশোরী। কিছুক্ষণ নদে সাঁতার কাটার পর হঠাৎ করে তিনজনই স্রোতে ভেসে যায়। এ সময় দু’জন সাঁতরিয়ে তীরে উঠে আসে। কিন্তু সাঁতারে দক্ষ না হওয়ায় শাকিলা তীরে উঠে আসতে পারেনা। কিছু ক্ষণের মধ্যেই শাকিলা ওই নদের পানিতে ডুবে নিখোঁজ হয়। শাকিলাকে উদ্ধারের জন্য স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নদ থেকে শাকিলাকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে ।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার কামরুজ্জান জানান- দেওয়ানগঞ্জে ডুবুরি দল নেই। ডুবে যাওয়ার ঘটনা ঘটলে জামালপুরে থেকে ডুবুরি দল আনতে হয়। শাকিলা নিখোঁজ হওয়ার পর জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। রাতে শাকিলাকে খুঁজে না পাওয়া গেলে সকালে খোঁজা হবে।




