এসএসসি ভোকেশনাল:দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এই প্রতিষ্ঠান দুটি হলো দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ এবং সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট।
উপজেলা মাধ্যমিক অফিস থেকে জানা গেছে- দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ থেকে মাত্র একজন এবং সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে চারজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে দুটি প্রতিষ্ঠানেরই পাসের হার শূন্য।
এমন হতাশাজনক ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং ফলাফল বিশ্লেষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান- কেন এমন বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




