জামালপুর

সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

​জুয়েল রানা, জামালপুর: সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জামালপুরে কোরবানি দিতে অক্ষম ৭৫টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় ‘মুসলিম এইড ইউকে’-এর অর্থায়নে এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে জামালপুর সদর উপজেলায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রতি পরিবারকে ৪ কেজি করে কোরবানির মাংস প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান- ঈদ আনন্দের এই ভাগাভাগিকে নিখুঁত ও সফল করতে ঈদের আগেই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। জামালপুর সদর উপজেলার ইটাইল এবং তুলসীর চর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করতে প্রথমে একটি নিবিড় জরিপ পরিচালনা করা হয়। সেই জরিপের ডাটাবেজ অনুযায়ী প্রকৃত উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যার ফলে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

​মাংস বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিনিধি আবু সাঈদ খান ও মনিরুজ্জামান মানিক।

এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ স্বেচ্ছাসেবকের সক্রিয় ও অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button