মাদারগঞ্জ

পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই এলাকার কাশেম মন্ডলের ছেলে। সে সাভারের রপ্তানি এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়- ঈদের ছুটি উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আলিফ। শনিবার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় আলিফ।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবিকার তাগিদে কাশেম মন্ডল দীর্ঘদিন ধরে সাভারের বাইপাইল এলাকায় বসবাস করছেন। ঈদের ছুটি কাটাতে সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন তারা। কিন্তু আনন্দমুখর এই সময়ে আলিফের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু রায়হান বলেন-“হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় বলেন-“পানিতে ডুবে আলিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Related Articles

Back to top button