দেওয়ানগঞ্জ

ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে ছাত্রলীগের শাস্তি চেয়ে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে মোটরসাইকেল শোডাউন করেছে পৌর ছাত্রদল ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ছাত্রলীগের শাস্তির দাবিতে শ্লোগান দেন। এসময় থমথমে পরিস্থিতি দেখা গেছে দেওয়ানগঞ্জ শহরে। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা দায় চাপিয়েছে ছাত্রলীগ।

রোববার সন্ধ্যার পর দেওয়ানগঞ্জের স্টেশন এলাকা, গাবতলী ও কালীতলাসহ চারটি স্থানে বিস্ফোরনের শব্দ পায় স্থানীয়রা। এর প্রতিবাদে ও বিস্ফোরনকারীদের শাস্তির দাবিতে দেওয়ানগঞ্জ শহরে মোটরসাইকেল শোডাউন করে পৌর ছাত্রদল ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মোটরসাইকেল শোডাউনের নেতৃত্ব দেয়া দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: বিপ্লব মণ্ডল বলেন- ‍“২ দিন আগে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তারা পরে মিছিলটি করতে পারেনি। তাই দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। এর প্রতিবাদে আমরা মোটরসাইকেল শোডাউন করি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীর শাস্তির দাবি জানায়। মিছিলে পৌর বিএনপির নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানা মোবাইল ফোনে বলেন-“এই সময়ে আমরা কেউ এলাকাতে নেই। ছাত্রলীগ ককটেল বিস্ফোরনের মতো হিংস্র কাজ করে না। এটা ছাত্রদল বা বিএনপির লোকজন করেছে। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো মামলা দিবেন।”

এসব বিষয়ে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন-‍“ যেখানে যেখানে বিস্ফোরনের কথা বলা হচ্ছে। আমি প্রতিটি স্পটে গিয়েছি। কিন্তু কোনো জায়গায় বিস্ফোরনের কোনো আলামত বা প্রত্যক্ষদর্শী পাচ্ছি না। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।”

Related Articles

Back to top button