রৌমারী সীমান্তে শিশু বাচ্চাসহ ৯ জনকে পুশইনের চেষ্টা
সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে বিএসএফ-এর বিরুদ্ধে।
এদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- রবিবার (১৪ জুন) ভোর ৬ টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী গয়টাপাড়া ভারতের বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
একই সময়ে উপজেলার ভন্দুরচর সীমান্ত দিয়েও আরও ৩ জন পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে বিজিবিকে সহযোগিতা করেন। পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন- “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।“




