দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ পৌরসভার ১১ কোটি টাকার বাজেট পেশ

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ১১ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৬৯৮ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। বাজেটে সম্ভাব্য আয় ও ব্যয় উভয়ই ১১ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৬৯৮ টাকা ধরা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৩ টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভা কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত বাজেট সভায় ২০২৬-২৭ অর্থ বছরের এ প্রস্তাবিত বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেটে পৌরসভার আয় বৃদ্ধিতে বেশ কয়েকটি নতুন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। নতুন আয়ের উৎস হিসেবে সিএনজি ও অটো রিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স আদায়ে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পৌরসভার আওতাধীন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন বলেন- পৌরসভার রাজস্ব আয় বাড়াতে নতুন কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত হবে। এ বিষয়ে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button