গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭জনের মৃত্যদণ্ড: ১জনের খালাস
স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত সকলকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার দুপুরে জামালপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন- পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামী হলেন ইদ্রিস আলী। তারা সকলেই জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মামলার বাদী ভুক্তভোগী গৃহবধু শেরপুর জেলার চকপাঠক গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে গৃহবধু শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক যোগে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামীরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষন করে পালিয়ে যায় আসামীরা। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ৬জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
৮মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশীট দেয় তদন্তকারী কর্মকর্তা এবং ৯জন স্বাক্ষীর মধ্যে ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করে আদালত।




