সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিলেন ব্যবসায়ী আব্দুস সাত্তার
স্টাফ রিপোর্টার: সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার এই অর্থ প্রদান করেন। তিনি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান এবং ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর শেষে হাজী মো. আব্দুস সাত্তার আশা প্রকাশ করে জানান- সরকারি যাকাত ফান্ডে দেওয়া এই অর্থ যেন প্রকৃত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। যাকাতের অর্থ অসহায় মানুষের আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি বিশ্বাস করেন।
আব্দুস সাত্তার আরও উল্লেখ করেন- যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের সকল সামর্থ্যবান মানুষ যদি এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তবে পিছিয়ে পড়া মানুষের জীবনমান দ্রুত উন্নত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সমাজের অন্য বিত্তবানদেরও সরকারি যাকাত ফান্ডে অবদান রাখার আহ্বান জানান।




