জামালপুর

জলাবদ্ধতা নিরসনের দাবিতে অবরোধ: রেললাইনে মাগরিবের নামাজ

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩০ বছরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গেটপাড়-ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। অবরোধের কারণে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। পরে মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে আবারও অবরোধ চালিয়ে যান। এই ঘটনায় ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান- গেটপাড় এলাকায় জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ তিন দশক ধরে এই সমস্যা চললেও কোনো প্রতিকার মেলেনি।

বিক্ষোভকারীদের অভিযোগ- জলাবদ্ধতার বিষয়টি নিয়ে বহুবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন ধরে তাদের এই ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি বেছে নিয়েছেন। দ্রুত স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

জামালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান- খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের আলোচনা চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button