স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা হোক, বিএনপিও সেটাই চায় বলে মন্তব্য করেছেন দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি জানান, দেশে ফিরে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, তবে আদালতের রায় সবাইকে মেনে নিতে হবে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, বর্তমান সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিএনপিও চায় তিনি দেশে ফিরে আসুন। তিনি আইনের আওতায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে বিচারে যে রায় হবে, তা সবাইকে মেনে নিতে হবে। কারণ, দেশের কোনো মানুষই বিচার বিভাগ বা আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের কাছে আমরা আমাদের আসামিকে ফেরত চাইছি। আইনি প্রক্রিয়ায় একজন আসামির সঙ্গে যেমন আচরণ করা উচিত, বাংলাদেশ সরকার তার সঙ্গে তেমনই আচরণ করবে।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক থাকা জরুরি। দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্যই তিনি সেখানে যেতে পারেন। এ সময় তিনি একটি আঞ্চলিক প্রবাদ উল্লেখ করে বলেন, বিড়ালের ওপর রাগ করে লবণ-ভাত খেয়ে লাভ নেই। আমাদের তিন দিকেই ভারত, তাই প্রতিবেশী হিসেবে তাদের এড়িয়ে যাওয়ার বা বাতিল করার কোনো সুযোগ নেই। এই সফরের সঙ্গে শেখ হাসিনার বিচারের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।
বিএনপি কখনোই প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি জানান, দলটি সবসময় আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং আদালতের রায়কে সম্মান করে।
অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




