জামালপুর

জলাবদ্ধতায় দুর্ভোগ: এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

স্টাফ রিপোর্টার: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যেতে চরম ভোগান্তির মুখে পড়েন।

এমন পরিস্থিতিতে সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে মাঠে নামেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

শহরের জলাবদ্ধ এলাকাগুলোতে অবস্থান নিয়ে তারা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন।

এইচএসসি পরীক্ষার্থী মারিয়া আক্তার বলেন- “টানা বৃষ্টিতে সড়কে অনেক পানি জমে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে খুব সমস্যায় পড়েছিলাম। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের নিরাপদে রাস্তা পার হতে এবং কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করেছেন। তাদের এই মানবিক উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি।”

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ উল্লেখ করেন- “টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক এইচএসসি পরীক্ষার্থী দুর্ভোগে পড়েছে। তাদের কথা বিবেচনা করেই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নেমেছি। সীমিত সামর্থ্যের কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব না হলেও যতজনের পাশে দাঁড়াতে পেরেছি, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।”

ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় তুলে ধরেন তিনি।

Related Articles

Back to top button