তথ্য ও সেবার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আত্মপ্রকাশ
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে যাত্রা শুরু করল তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে জানানো হয়- তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান প্রিয় টেক বাংলাদেশের দ্বিতীয় উদ্যোগ এই প্ল্যাটফর্মটি। এখানে পর্যায়ক্রমে জেলার হাসপাতাল, চিকিৎসক, রক্তদাতা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, জরুরি সেবা, বাস ও ট্রেনের সময়সূচিসহ বিভিন্ন নাগরিক সেবার তথ্য যুক্ত করা হবে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমেও খুব সহজে এসব সুবিধা পাবেন সাধারণ মানুষ।
অনুষ্ঠানের শুরুতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন এবং কেক কেটে এই যাত্রার শুভসূচনা করেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। স্থানীয় পর্যায়ের তথ্যকে প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, প্রিয় শেরপুর জেলার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল। তিনি তুলে ধরেন, শেরপুরের মানুষ যাতে এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই তাদের এই যাত্রা। এটি শেরপুরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরও সংযুক্ত ও স্মার্ট করে গড়ে তোলার একটি দারুণ উদ্যোগ বলে তিনি উল্লেখ করেছেন।
সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
এছাড়াও গণমাধ্যমকর্মী জুবাইদুল ইসলাম, তরিকুল ইসলাম, জুবায়ের দিপ, মো. নাঈম ইসলাম, শামিম আহমেদ ও সুলতান আহমেদ ময়না তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে রক্তসৈনিক বাংলাদেশের আল আমিন রাজু, প্রস্ফুটিত শেরপুরের দেবাশীষ সরকার, ভয়েজ অব ঝিনাইগাতীর জাহিদুল হক মনির, আজকের তারুণ্যের রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের আহনাফ নাকিব, রূপসী শেরপুরের জাহিদ হাসান জাহিদ, সোয়ানের নাঈমুর রহমান তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি প্রিয়টেক বাংলাদেশের টিম মেম্বার নাহিদ হাসান, এ আর এম আব্দুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তথ্যের নির্ভুলতা ও নিয়মিত হালনাগাদ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তারা প্ল্যাটফর্মটির সার্বিক সফলতা কামনা করেছেন।




