জামালপুর

সুরকার টিপুর স্মরণে গান ‘তুমি ছিলে তুমি থাকবে’

শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রয়াত সুরকার ও গীতিকার জাকিউল ইসলাম খান টিপুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হয়েছে নতুন গান ‘তুমি ছিলে তুমি থাকবে’।

শনিবার (১ আগস্ট) রাতে ‘Mahbub Minel Official’ ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়। এর আগে একই রাতে জামালপুর জেলা প্রেসক্লাবে এক আবেগঘন পরিবেশে গানটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

প্রিমিয়ার শো শেষে সাংবাদিক আসমাউল আসিফের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নাট্যকার শাহীন রহমান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, মুত্তাছিম বিল্লাহ এবং মাহবুব মিনেল। গুণী এই শিল্পীর স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা উল্লেখ করেন, জাকিউল ইসলাম খান টিপু শুধু একজন সুরকার বা গীতিকারই ছিলেন না, তিনি ছিলেন জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিতপ্রাণ এক সংগঠক ও অনুপ্রেরণার উৎস। তার অমলিন স্মৃতি, সৃষ্টিকর্ম ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি গানটি নির্মাণ করা হয়েছে বলে তারা মন্তব্য করেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় নির্মিত এই মিউজিক ভিডিওটির স্পন্সর করেছে ‘দৈনিক আজকের জামালপুর’ ও অনলাইন পোর্টাল ‘BanglaToday24.Com’। গানটির কথা ও ইন্ট্রো স্ক্রিপ্ট লিখেছেন ফকির খায়রুল এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মাহবুব মিনেল। এতে কণ্ঠ দিয়েছেন সাংবাদিক আসমাউল আসিফ, মুত্তাছিম বিল্লাহ ও মাহবুব মিনেল। বাঁশিতে সুর তুলেছেন সাঈদ হাসান বাবু। মিউজিক ভিডিওর চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রিফাত।

সাংস্কৃতিক এই উদ্যোগটিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক আজকের জামালপুর’ সম্পাদক এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, কার্যনির্বাহী সদস্য ফজলে এলাহী মাকাম ও শুভ্র মেহেদী, কোষাধ্যক্ষ মুত্তাছিম বিল্লাহ এবং প্রেসক্লাবের সদস্য আসমাউল আসিফ।

জানা গেছে, প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ইউটিউবের সার্চ অপশনে ‘Tumi Chile Tumi Thakbe’, ‘Tipu Memorial’ অথবা ‘তুমি ছিলে তুমি থাকবে’ লিখে সার্চ করলেই গানটি পাওয়া যাবে।

Related Articles

Back to top button