মাদক সেবন ও স্বজনদের সঙ্গে অসদাচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে নাজমুল হাসান (৩৫) এবং বেলতলী এলাকার শাহজাহান আলীর ছেলে নাজমুল হাসান আপন (২৪)।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজ বাড়িতে মাদক সেবন করে স্বজনদের সঙ্গে বেপরোয়া আচরণ করছিলেন নাজমুল হাসান আপন। ঘরে অতিষ্ঠ হয়ে তার মা পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়। অন্যদিকে, চুনিয়াপাড়া এলাকা থেকে আরেক মায়ের আবেদনের প্রেক্ষিতে মাদক সেবনরত অবস্থায় নাজমুল হাসানকে আটক করে পুলিশ।
পরবর্তী সময়ে আটকদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান- মাদক সেবন ও স্বজনদের সঙ্গে অসংলগ্ন আচরণের কথা দুই যুবক স্বীকার করেছেন। অপরাধ নিশ্চিত হওয়ায় তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।




