মাদারগঞ্জ

কোরআন ও সুন্নাহর পথে চলার প্রত্যয়ে রাজনীতি ছাড়লেন আ.লীগ নেতা রব্বানী

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ গোলাম রব্বানী।

জীবনের বাকি সময় পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কাটানোর প্রত্যাশা ব্যক্ত করে বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

রাজনীতি ছাড়ার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে মোহাম্মদ গোলাম রব্বানী উল্লেখ করেন-২০১৮ সালে পবিত্র হজ পালনকালে কাবাঘর স্পর্শ করে তিনি রাজনীতি থেকে বিদায় নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। রাজনীতি তার জন্য নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, এতদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে না পারলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি আনঅফিসিয়ালি বা অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

সবকিছু মানুষের নিজের নিয়ন্ত্রণে থাকে না জানিয়ে এই নেতা পেছনের পরিস্থিতি তুলে ধরেন। এতদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ না হলেও এখন সেই সময় এসেছে বলে তিনি জানিয়েছেন। সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তার ভাষ্য, “জীবনের বাকি সময় কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না।”

৫৮ বছর বয়সী মোহাম্মদ গোলাম রব্বানী মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

আশির দশকে ছাত্রলীগের মাধ্যমে রব্বানীর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের তিনবারের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জামালপুর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলের কোনো কমিটিতে তার পদ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একাধিক মামলার আসামি হন তিনি। এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর টানা প্রায় সাড়ে তিন মাস তাকে কারাগারে থাকতে হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

Related Articles

Back to top button