নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে রোহান ও ইসমাইল নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। নিহত রোহান ওই এলাকার হজরত আলীর ছেলে এবং ইসমাইল এবাদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে শিশু দুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাদের সন্ধান মেলেনি। শিশু দুটি ভালোভাবে সাঁতার জানত না, তবে মাঝেমধ্যে নদী বা জলাশয়ে মাছ ধরতে নামত। তাই মাছ ধরতে গিয়ে তারা পানিতে তলিয়ে যেতে পারে বলে শুরু থেকেই আশঙ্কা করছিলেন স্বজনরা।
অবশেষে সোমবার ভোরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো মধ্য নাকশী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




